পাবনায় বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী তার পৈতৃক বাড়িতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনটি উপলক্ষে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে ছিল উৎসবমুখর পরিবেশ। সোমবার দুপুরে শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অবস্থিত তার পৈতৃক বাড়িতে স্মৃতি সংরক্ষণ পরিষদ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে সুচিত্রা সেনের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কেক কাটা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা সুচিত্রা সেনের অভিনয় জীবন, ব্যক্তিত্ব ও বাংলা চলচ্চিত্রে তার অনন্য অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, সুচিত্রা সেন শুধু একজন অভিনেত্রীই নন, তিনি বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক। তার অভিনীত চলচ্চিত্র আজও দর্শকদের হৃদয়ে অম্লান হয়ে আছে। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেক, দপ্তর সম্পাদক শিশির ইসলাম ও কানিজ ফাতেমা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পাবনা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুণ্ডু, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি পবীর সাহা, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, এখন টিভি’র জেলা প্রতিনিধি মাসুদ রানা, সাবেরা সুলতানা, ফজলুল হক সুমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিপ্রেমীরা।
