লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিজান ইসলাম (১৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ারভিটা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের গাটিয়ারভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে মিজান ৮২৬ পিলারের পাশে নিজ ধানক্ষেতে পানি দিতে যায়। জমির আইল দিয়ে হেঁটে যেতে সময় লাগবে এজন্য সে শটকাট যেতে সীমান্তের প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে চলে যান। এ সময় ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহলদল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিতে মিজানের কাঁধে গুরুতর জখম হয় এবং আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাটগ্রাম হাসপাতালে ভর্তি করলে পাটগ্রাম হাসপাতাল উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নিয়ে যেতে বলেন। এ ঘটনার জেরে স্থানীয়রা শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দু’টি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসে। আটক ব্যক্তি বর্তমানে বিজিবি’র হেফাজতে রয়েছেন।
তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ঘটনার জেরে স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে আটক করেছে। পতাকা বৈঠকের পর পরবর্তী বিষয়গুলো জানা যাবে। বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি বিজিবি’র নিয়ন্ত্রণে রয়েছে।
