সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে লিটন (৩০) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার রতনপুর এলাকায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের হামছাদী এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত শনিবার লিটনের সঙ্গে স্থানীয় সাকিব ও তার সহযোগীদের কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এরই জেরে রোববার রাতে লিটন রতনপুর এলাকা দিয়ে যাওয়ার সময় সাকিবসহ একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় লিটনকে উদ্ধার করে দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন