হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলন

হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধ্বংসের মুখে পড়েছে। নদী থেকে অবৈধভাবে দিন-রাত বালু উত্তোলন করে ট্রাক্টরবোঝাই করে বাঁধের উপর দিয়ে ২৪ ঘণ্টা ধরে চলছে। ফলে বাঁধের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে নির্মাণ করা হয় গুরুত্বপূর্ণ এ বাঁধটি। তবে তা অবৈধ বালুখেকোদের থাবায় দিন দিন ঝুঁকির কারণ হচ্ছে। সরজমিন দেখা যায়, উপজেলার মুন্সিরহাট এলাকায় নবনির্মিত বাঁধটির উপর দিয়ে চলছে একের পর এক বালুবোঝাই ট্রাক্টর। দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুর ভারী ট্রাক বাঁধের উপর দিয়ে চলাচল করায় বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, এসব স্থানে তাদের আবাদি জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষক মাহাবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এ অবস্থা চলে আসছে। তবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। অভিযোগ রয়েছে, প্রতিবাদ করলেই হুমকি-ধমকি দেয়া হয় স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও বাঁধের উপর ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ না করলে একদিকে যেমন কোটি কোটি টাকার এই গুরুত্বপূর্ণ বাঁধটি ধ্বংসের মুখে পড়বে, অন্যদিকে কৃষি নির্ভর এ অঞ্চলের মানুষের জীবিকা মারাত্মক সংকটে পড়বে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর বলেন, অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সরজমিন গিয়ে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গাইবান্ধা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম বলেন, বাঁধের ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে সত্যতা মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন