শায়েস্তাগঞ্জে ফুটপাথে হাট-বাজার, যান চলাচল ব্যাহত

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শহরে সরকারি রাস্তা দখল করে ফুটপাথে ভ্রাম্যমাণ দোকান বসছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট। অন্যদিকে অবৈধ বিদ্যুৎ সংযোগের ফলে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। কিছুদিন আগে হবিগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করে। কিন্তু আবারো ওই এলাকায় রাস্তার পাশে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন ব্যবসায়ীরা। সরজমিন দেখা যায়, শায়েস্তাগঞ্জ রাস্তার পাশে ও ফুটপাথে ফল ব্যবসায়ীদের দোকান। শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার রাস্তার সামনে ফলের দোকান থাকায় পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন শহরবাসী। এ ছাড়া শায়েস্তাগঞ্জ পৌর শহরের বাজারের প্রধান সড়ক ও ফুটপাথ দখল করেই চলছে অবৈধ কাঁচা বাজার। জানা গেছে, উপজেলার পৌর শহরের বাজারের প্রধান সড়ক দখল করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা দোকানপাট বসিয়েছে। এদিকে পৌরসভার দরপত্রে কাঁচা বাজার নির্দিষ্ট জায়গায় বসার কথা থাকলেও তা না মেনে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাঁচা বাজার বসায় সড়কের উপর। ফলে অবৈধ কাঁচা বাজারের কারণে যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয় প্রশাসনকে জানানোর পরও কোনো প্রতিকার হয়নি।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো জবাব পাওয়া যায়নি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন