নেশার টাকা না পেয়ে প্রতিবন্ধীর অণ্ডকোষে আঘাত, হাসপাতালে কাতরাচ্ছে শাহজালাল

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের বাসাইলে নেশার টাকা না পেয়ে এক প্রতিবন্ধী কিশোরের অণ্ডকোষে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে দুই মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোর শাহজালাল মিয়া (১৬)’র দরিদ্র ভ্যানচালক বাবা এলাকাবাসীর সহযোগিতায় অপারেশনের মাধ্যমে একটি অণ্ডকোষ অপসারণ করেছে। তবুও বিছানায় ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে শাহজালাল। এর আগে গত ১৫ই ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের চরপাড়া জুম্মনবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। আহত শাহজালাল ওই এলাকার শফি মিয়ার ছেলে। এছাড়া অভিযুক্তরা একই এলাকার ছানোয়ার সিকদারের ছেলে রাকিব সিকদার ও বারেক মিয়ার ছেলে তারিকুল মিয়া। শাহজালালের বাবা অভিযোগ করে বলেন- ঘটনার দিন রাতে এশার নামাজ পড়ে শাহজালাল বাড়ি ফিরছিলো। এ সময় রাকিব ও তারিকুল তার পথ রোধ করে টাকা চায়। এ সময় সে টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে অণ্ডকোষে আঘাত করে এবং লাথি মেরে তাকে পুকুরের ঢালে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে গত ২৯শে মার্চ তার অণ্ডকোষের ব্যথা অসহনীয় হয়ে উঠলে পরদিন অপারেশন করে তার একটি অণ্ডকোষ ফেলে দেয়া হয়। ঘটনার সত্যতা স্বীকার করে আক্রমণকারী তারিকুল মুঠোফোনে জানায়- হাসি-তামাশা করে ওর অণ্ডকোষে হাত দিয়েছিলাম। এ সময় রাকিব ধাক্কা ও লাথি দিলে সে নিচে পড়ে যায়। রাকিবের মুঠোফোনে ফোন করলে তাকে পাওয়া যায়নি। তবে অন্য একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তার মা জানায়- এ সব ঘটনা সম্পূর্ণ মিথ্যা। রাকিব এ সব ঘটনার কিছুই জানে না। এমনকি সে ছিল না। বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন-বিষয়টি প্রাথমিক তদন্ত করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন