কর্মবিরতির ঘোষণা টালিউড শিল্পীদের

কর্মবিরতির ঘোষণা টালিউড শিল্পীদের

ফন্ট সাইজ:

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে শোক ও ক্ষোভে ফুঁসছে গোটা টালিউড ইন্ডাস্ট্রি। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিল্পী ও কলাকুশলীরা অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার বিকেলে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, রাহুলের পরিবারের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। তবে এখন সবচেয়ে জরুরি আমাদের সবার নিরাপত্তা। তাই অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, আর্টিস্ট ফোরামের প্রায় চার হাজার সদস্য, ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ান এবং অন্য কলাকুশলীদের সম্মিলিত সিদ্ধান্তেই এই কর্মবিরতি। তিনি বলেন, নিরাপত্তার জন্য এবং আমাদের সবার জীবন রক্ষার জন্য এই লড়াই শুরু হলো। আমাদের নিরাপত্তাহীনতা রয়েছে, আমরা শুটিংয়ে বেরোচ্ছি। কিন্তু ফিরতে পারব কি না বুঝতে পারি না। রাহুল আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তাই মঙ্গলবার সকাল থেকে আমরা কর্মবিরতি পালন করব।

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুটিংয়ের সময় সবার জন্য বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, রাহুল আমাদের ছেড়ে চলে গেল। ওর জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব। ওর মৃত্যু আমাদের একটাই প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে, আমরা কি আদৌ নিরাপদ?

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন