পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারে উত্তরবঙ্গ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘুরিয়ে ফিরিয়ে পুরনো অভিযোগকেই আওড়ে গিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিজেপি’র শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে ‘বিজয় সংকল্প সভা’য় তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে জনবিন্যাস বদলে যাচ্ছে। তিনি বলেছেন, অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক বানিয়েছে তৃণমূল। আর এই অনুপ্রবেশকারীদের বাঁচাতেই তৃণমূল এসআইআর-এর বিরোধিতা করছে। তিনি বলেছেন, অনুপ্রবেশকারীদের ঠাঁই দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি এই অনুপ্রবেশকারীদের আটকাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কোচবিহারের সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে। বাংলায় এখন একটাই আওয়াজ, সরকার পাল্টানো দরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে এদিন তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা শোনা গেছে। মালদহে বিচারকদের আটকে হেনস্তা প্রসঙ্গে মোদি বলেছেন, মালদহে যা হলো তা নির্মম সরকারের মহাজঙ্গলরাজের নিদর্শন। গোটা দেশ দেখেছে কীভাবে বিচারকদের হেনস্তার মুখে পড়তে হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির শবযাত্রা বেরিয়েছে এই তৃণমূল কংগ্রেসের আমলে। তিনি প্রশ্ন তুলে বলেছেন, সরকার যদি বিচারকদের নিরাপত্তা দিতে না পারে তাহলে আমজনতার কী হবে?
তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি-কাটমানিতে মানুষ বিরক্ত বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বিজেপি’র সরকার হলে পাকাঘর ও জমির মালিকানার ভরসা দিয়েছেন তিনি।
এদিনও মোদির মুখে শোনা গেছে ফের বেছে বেছে হিসাব নেয়ার হুমকিও। তিনি বলেন, ভোটের পর এদের সব পাপের হিসাব হবে, বেছে বেছে হিসাব করা হবে।
প্রচারে মোদির গলায় পুরনো অভিযোগ
পশ্চিমবঙ্গের জনবিন্যাসের বদল ঘটেছে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
