ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামানসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল সকালে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে বাদীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
দুদকের আইনজীবী মোকাররম হোসাইন বলেন, সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীসহ ৩৬ আসামির সবার বিরুদ্ধে হওয়া মামলাটিতে আজ বাদী দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ সময় গ্রেপ্তার থাকা ৯ আসামি উপস্থিত ছিলেন। আগামী ২১শে এপ্রিল সাক্ষ্যগ্রহণের পরের দিন ধার্য করেছেন আদালত।
এর আগে গত ১১ই মার্চ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। গত ৫ই জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন। রোববার মামলা সাক্ষীর জন্য দিন ধার্য করেছিলেন আদালত।
অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরীকে ‘ভিশন ট্রেডিং’ নামে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কেনেন। ২০১৯ সালের ১৩ই অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ই ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের ২৪শে জুলাই দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনকে আসামি করে চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন। পরে তদন্তে আরও ৭ জনের সংশ্লিষ্টতা পাওয়ায় মোট ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। মামলায় ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (৫৬), তার স্ত্রী ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান (৪৬) সহ অন্য আসামিরা হলেনÑ ইউসিবিএল ব্যাংকের সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী (৪৬), আফরোজা জামান (৪৮), বশির আহমেদ (৫৫), রোকসানা জামান চৌধুরী (৫৬), সৈয়দ কামরুজ্জামান (৬১), মো. শাহ আলম (৬২), মো. জোনাইদ শফিক (৬৪), ইউনুছ আহমদ (৭৯), হাজী আবু কালাম (৭৯), নুরুল ইসলাম চৌধুরী (৬২), সাবেক চেয়ারম্যান এম এ সবুর (৭৭) ও সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী (৬৪)। ব্যাংকের সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেনÑ মোহাম্মদ একরাম উল্লাহ (৫১), আবদুল হামিদ চৌধুরী (৫০), আবদুর রউফ চৌধুরী, জিয়াউল করিম খান (৪৬), মীর মেসবাহ উদ্দীন হোসাইন (৬২) ও বজল আহমেদ বাবুল (৫৬)।
তাছাড়া জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আসামি করা হয়েছেÑ মোহাম্মদ মিছবাহুল আলম (৫০), আব্দুল আজিজ (৩৯), মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী (৫১), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৫৪), মোহাম্মদ হোছাইন চৌধুরী (৪৮), ইউছুফ চৌধুরী (৪৫) ও সাইফুল ইসলাম (৪৫), ইয়াছিনুর রহমান (৪৩), আরামিট গ্রুপের এজিএম উৎপল পাল (৫১), প্রদীপ কুমার বিশ্বাস (৫১), মো. জাহিদ (৪৫), মো. শহিদ (৪৯), মো. সুমন (৩৯), ইলিয়াস তালুকদার (৫০) ও ওসমান তালুকদার (৪৮)কে।
দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
