এবার ডিজিএফআই’র আফজাল নাছের ৩ দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

মিরপুর থানার হত্যা মামলার পর এবার বিএনপি’র কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এতথ্য জানান।

গত রোববার গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন জুলাই আন্দোলনে নিহত দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

৬ দিনের রিমান্ড শেষে রোববার তাকে আদালত হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই কফিল উদ্দিন। ওই মামলায় তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর মকবুল হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের এসআই তোফাজ্জল হোসেন আফজাল নাছেরকে গ্রেপ্তার দেখানোসহ পাঁচদিনের যে রিমান্ড আবেদন করেন সেই বিষয়ে শুনানি হয়।

প্রথমে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এরপর রিমান্ডের বিষয়ে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষে শওকত উল্লাহ রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত থেকে তার তিনদিনের রিমান্ডের আদেশ আসে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন