ট্রাম্পকে ‘পাগল’ বললেন আলবারাদি

ট্রাম্পকে ‘পাগল’ বললেন আলবারাদি

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পাগল (ম্যাডম্যান) বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ আলবারাদি। তিনি শনিবার উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন ডনাল্ড ট্রাম্পকে পুরো অঞ্চলকে ‘আগুনের গোলায়’ পরিণত করা থেকে বিরত রাখে। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। এতে বলা হয়- ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সাবেক মহাপরিচালক আলবারাদি এক্সে লিখেছেন, ‘উপসাগরীয় সরকারগুলোর প্রতি- এই পাগল ব্যক্তি পুরো অঞ্চলকে আগুনের গোলায় পরিণত করার আগে অনুগ্রহ করে আবারও আপনারা যা কিছু করার ক্ষমতা রাখেন তা করুন।’
আরেকটি পোস্টে তিনি ট্রাম্পের ইরানকে দেয়া আলটিমেটামের উল্লেখ করেন। সেখানে বলা হয় চুক্তি না হলে ‘পুরো নরক নেমে আসবে’। এসব নিয়ে আলবারাদি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে ট্যাগ করেন। তিনি লিখেছেন, ‘এই উন্মাদনা থামানোর জন্য কি কিছুই করা সম্ভব নয়?!’ এছাড়াও তিনি চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ট্যাগ করেন।
শনিবার ট্রাম্প বলেন, ইরানকে অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে অথবা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে হবে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘মনে আছে যখন আমি ইরানকে ১০ দিন সময় দিয়েছিলাম চুক্তি করো অথবা হরমুজ প্রণালি খুলে দাও।’ তিনি আরও বলেন, ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে। আর ৪৮ ঘণ্টা। তারপর পুরো নরক নেমে আসবে।’

৮৩ বছর বয়সী আলবারাদি মিশরের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত আইএইএর নেতৃত্ব দেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিতর্ক শুরুর সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৫ সালে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার প্রসারে অবদানের জন্য তিনি এবং তার সংস্থা যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন