ট্রাম্পের অধীনে তোমার ছেলেরা আরও বেশি বিপদে

নিখোঁজ পাইলটের মাকে ইরানের জবাব

ট্রাম্পের অধীনে তোমার ছেলেরা আরও বেশি বিপদে

ফন্ট সাইজ:

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাস এক মার্কিন নারীকে তীব্র ভাষায় জবাব দিয়েছে। ওই নারী দাবি করেছেন তার এক ছেলে ইরানে ভূপাতিত করা যুদ্ধবিমানের চালক। তিনি তার ছেলের কোনো খোঁজ পাননি। ওই নারী এক্সে লিখেছিলেন, তিনি তার ছেলে বা তার ইউনিট থেকে কোনো খবর পাননি এবং তার মন উদ্বেগে ভারী। ইরান পাল্টা সতর্ক করে তাকে বলেছে, তার ছেলেরা ডনাল্ড ট্রাম্পের অধীনে থাকার চেয়ে ইরানের হেফাজতে থাকলে বেশি নিরাপদ থাকত। নিখোঁজ পাইলটদের জন্য প্রার্থনার আহ্বানে ওই নারীর পোস্টের জবাবে পাকিস্তানে ইরানের দূতাবাস লিখেছে, ‘নিশ্চিত থাকুন, আপনার ছেলেরা ডি.জে. ট্রাম্পের অধীনে থাকার চেয়ে ইরানের হেফাজতে থাকলে বেশি নিরাপদ। প্রার্থনা করুন যেন সে ইরানের হাতে বন্দি থাকে, মার্কিন উদ্ধার দলের হাতে নয়! মুসলিম ও সভ্য ইরানি হিসেবে আমরা জানি কীভাবে বন্দিদের সম্মান ও মর্যাদার সঙ্গে আচরণ করতে হয়।’

এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাসও একই বার্তা জোরালো করে তুলে ধরে এবং যুদ্ধবন্দিদের প্রতি ইরানের ঐতিহাসিক আচরণের কথা উল্লেখ করে বলে, ‘ইরানে তথাকথিত মানবাধিকার আইন প্রণয়নের অনেক আগে থেকেই যুদ্ধবন্দিদের অধিকার নির্ধারিত ছিল। আমরা আপনার বর্বর মিত্রদের মতো-জায়নিস্টদের মতো- যুদ্ধবন্দিদের সঙ্গে আচরণ করি না। আমাদের একটি ইরানি সভ্যতা আছে। আমরা আমেরিকার মতো প্রস্তর যুগে বাস করি না।’

এই প্রতিক্রিয়াগুলো আসে এক আবেগঘন পোস্টের পর, যেখানে ওই পাইলটের মা লিখেছিলেন, ‘দয়া করে গুলিবিদ্ধ দু’জন এফ-১৫ পাইলটের জন্য প্রার্থনা করুন। আমার এক ছেলে যুদ্ধবিমান চালক এবং আমি এখনও তার বা তার ইউনিটের কোনো খবর পাইনি। আমার মন উদ্বেগে ভারী। সব পাইলট ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।’
শুক্রবার দুটি পৃথক ঘটনায় ইরান দুটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করে। একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে অন্তত একজন নিখোঁজ রয়েছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই পাইলটকে উদ্ধার করার খবর জানানো হয়েছে। তিনি এখনও ইরানের ভিতরে রয়েছেন। ফলে তিনি এবং উদ্ধারকারী দলের জীবন এখনও নিরাপদ নয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে, একটি মার্কিন এ-১০ আক্রমণকারী বিমান পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এটি ভূপাতিত হয়েছে নাকি দুর্ঘটনায় পড়েছে তা স্পষ্ট নয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন