৪টি অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধ করে আইনে পরিণত করার দাবি অধিকারের

ফন্ট সাইজ:

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি অধ্যাদেশ বাতিল করতে জাতীয় সংসদের বিশেষ কমিটি জাতীয় সংসদে বিল আনার সুপরিশ বাতিল করে অধ্যাদেশগুলো আইনে পরিণত করার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন-অধিকার। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ও স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) এছাড়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫; দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বাড়িয়ে করা অধ্যাদেশ; গুম প্রতিরোধ অধ্যাদেশ; জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করেছে সংস্থাটি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে অধিকার।
বিবৃতিতে জাতীয় সংসদের বিশেষ কমিটির গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের এই প্রক্রিয়ার ব্যাপারে অধিকার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে অধিকার। অধিকার বলছে, এই সব অধ্যাদেশগুলো আইনে পরিণত করা প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গৃহীত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিলের মাধ্যমে তা সাবেক ফ্যাসিবাদী সরকারের আমলের আজ্ঞাবহ প্রতিষ্ঠানের আদলে ফিরিয়ে নেয়ার দুঃখজনক পায়তারা চলছে।
বিবৃতিতে অধিকার বলছে, বিএনপি জোটের সরকার দলীয় সংসদ সদস্যরা গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করার সুপারিশ করেছেন, অথচ হাসিনা সরকার কর্তৃক গুমের শিকার হয়েছিলেন তাদের দলের অনেক নেতা-কর্মী। এমনকি তিনজন গুমের শিকার ব্যক্তি যারা ফিরে এসেছেন তারা এবং গুমের শিকার ব্যক্তির স্ত্রী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু গুমের শিকার যেসব ব্যক্তি ফিরে আসেননি তাদের পরিবারের সদস্যরা আজ চরম অনিশ্চয়তায় জীবন পার করছেন।


বিবৃতিতে বলা হয়, অধিকার মনে করে জাতীয় সংসদের বিশেষ কমিটির সরকার দলীয় সদস্যরা এই অধ্যাদেশগুলো বাতিল করার যে সুপারিশ করেছেন তা ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্য এবং দেশের জনগণের প্রতি সীমাহীন অন্যায়। তাই অধিকার অবিলম্বে এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাস করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন