ভোটার হওয়ার পর প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন তরুণরা। ভোট দেয়ার পর কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে সেলফি তুলে স্মৃতি হিসেবে ধরে রাখছেন তারা। পরে সেই ছবি পরিচিতজনদের সঙ্গে শেয়ার করে নিজেদের আনন্দের মুহূর্ত ভাগাভাগি করছেন।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই চিত্র দেখা গেছে।
অনেক আগেই ভোটার তালিকাভুক্ত হলেও কখনো নিজের ভোট নিজে দিতে পারেননি তিন তরুণ শাকিব, কামরুল ও হাসান। তবে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রের সামনে কথা হয় তাদের সঙ্গে। সেখানে তারা জানান, আগের নির্বাচনে নিজের ভোট নিজে দেয়ার সুযোগ পাননি। এইবার সুযোগ হয়েছে। খুবই ভালো লাগছে। ঈদের আনন্দ অনুভব করছি।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শাকিব বলেন, আমি অনেক আগেই ভোটার হয়েছি। কিন্তু কোনো নির্বাচনেই আমার ভোট আমি নিজে দিতে পারিনি। অন্যরা আমার ভোট দিতো। এ কারণে কেন্দ্রে যাওয়ার আগ্রহও ছিল না। নিজের ভোট নিজে দেয়া একটি মৌলিক অধিকার। সেই অধিকার এবার প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। স্মৃতি হিসেবে সেলফি তুলেছি।
হাসানও একই অনুভূতির কথা জানান। তিনি বলেন, আমিও জীবনে প্রথমবার ভোট দিয়েছি। বন্ধুরা একসঙ্গে এই কেন্দ্রে ভোট দিয়েছি। এতদিন যে আনন্দ থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল, আজ সেটা অনুভব করেছি।
কামরুল বলেন, ভোটের শুরু যেমন সুন্দরভাবে হয়েছে, শেষ পর্যন্ত যেন একই সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়-এটাই আমাদের প্রত্যাশা।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলের কেন্দ্রে মোট ভোটার ছিল ১৯৫২ জন। এর মধ্যে ভোট পড়েছে ৭১৩টি। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ৫৩২টি। আর না ভোট পড়েছে ১৭৩টি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দুই কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, প্রথম কেন্দ্রে মোট ভোটার ১৯৭৮ জন। এর মধ্যে ভোটগ্রহণ হয়েছে ৮৪৩টি। শতাংশের হিসাবে প্রায় ৪৩ শতাংশ। এই কেন্দ্রে ধানের শীষ প্রতীক পেয়েছে ৪৬৯টি। আর শাপলা কলি পেয়েছে ৩১৯টি। এই কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ৫৩৭টি আর না ভোট পড়েছে ২৯৭টি। অপর কেন্দ্রে মোট ভোটার ১০৫৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৪০৫টি। শতাংশের হিসেবে প্রায় ৩৮ শতাংশ। এই কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ২১৪টি আর শাপলা কলি পেয়েছে ১৬১টি। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ২৬১টি আর না ভোট পড়েছে ১৩০টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দুই কেন্দ্রের ফলাফল জানা গেছে। এক নম্বর কেন্দ্রের মোট ভোটার ১০৬২ জন। এরমধ্যে ভোট পড়েছে ১০২৯টি। আরেকটি কেন্দ্রে মোট ভোটার ১৬২৪ জন। মধ্যে ভোট করেছে ৭৪৩টি। শতাংশের হিসাবে প্রায় ৪৫ শতাংশ। এর মধ্য হ্যাঁ ভোট পড়েছে ৫২৩টি আর না ভোট পড়েছে ১৫৪টি।
প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাস তরুণদের
এম এম মাসুদ
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
