পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট অবাধ ও হিংসামুক্ত করতে নির্বাচন কমিশনের নির্দেশ

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গে সম্প্রতি অতীতের সব নির্বাচন নিয়ে ব্যাপক হিংসা ও মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এ বছরের বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন নজিরবিহীন তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যেই অবাধ ও হিংসামুক্ত ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি, মুখ্য সচিব, কলকাতা পুলিশের কমিশনারসহ শীর্ষ প্রশাসন এবং পুলিশকর্তাদের শুক্রবার এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্দেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে স্বচ্ছভাবে ভোট করাতে হবে। ভোটাররা যাতে ভোট দিতে যেতে ভয় না পান, তা দেখতে হবে। ভোটের সময়ে হিংসামুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ছাপ্পা ভোট, বুথ জ্যামিংয়ের মতো ঘটনা রুখতে হবে। প্রচার পর্বেও কমিশন সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছেন। শুক্রবারই এক জয়েন্ট বিডিওকে সাসপেন্ড করা হয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারের অভিযোগ উঠেছিল। শুধু সাসপেন্ড নয়, ওই জয়েন্ট বিডিও’র বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে বিভাগীয় তদন্তের নির্দেশও দেয়া হয়েছে।
এদিকে, প্রচারে গিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগে মুর্শিদাবাদের এক রাজনৈতিক নেতাকে কমিশনের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে কমিশনের তরফে জানানো হয়েছে, প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে ভোটারদের ভয় দেখানোর ঘটনায় অভিযুক্ত রাজু মণ্ডল নামে এক তৃণমূল কংগ্রেস নেতাকে কমিশনের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করেছে।
এদিকে, বিজেপি’র প্রচার সামগ্রী গোছাতে ব্যস্ত এক সেক্টর অফিসার এমন অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে একটি ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘নির্বাচন কমিশন নিযুক্ত উত্তর ২৪ পরগণার পানিহাটির সেক্টর অফিসারকে বিজেপি’র প্রচার সামগ্রী গোছানোর কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন