রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ২৫

ফন্ট সাইজ:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে এখন হামের উপসর্গ নিয়ে মোট ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। এদিকে চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহীর নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী এশা।
শনিবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এই তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে তিন শিশু। হাসপাতালটিতে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৭৭ জন। আর চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮ জন শিশু।
পরিদর্শনের সময় হাসপাতাল কর্তৃপক্ষকে এই সংক্রামক রোগের চিকিৎসার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি হাসপাতাল থেকেই যেন সংক্রমণ ছড়িয়ে না পড়ে সে বিষয়ে খেয়াল রাখতে বলেছেন। পরিদর্শনে গিয়ে তারা হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ চিকিৎসকদের সঙ্গে তারা মতবিনিময় করেন। এ সময় হামের রোগীদের চিকিৎসা ব্যবস্থা, আইসোলেশন সুবিধা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসক-নার্সদের প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেয়া হয়। পরে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন