রংপুরে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ১২ রোগী শনাক্ত

ফন্ট সাইজ:

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ১২ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৮ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। শনিবার বিকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের ৮ জেলা ও উপজেলা হাসপাতাল এবং রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে গেল ২৪ ঘণ্টায় লালমনিরহাটে ৪ জন, দিনাজপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, পঞ্চগড়ে ৫ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত ৩০শে মার্চ থেকে শনিবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় হামে আক্রান্ত ৫৬ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রংপুর বিভাগে এখন পর্যন্ত হামে আক্রান্ত কেউ মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ৩০শে মার্চ পর্যন্ত সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা ১১৬ জন শনাক্ত হলেও এর মধ্যে ৭ জনের হাম ও ৪ জনের রুবেলা হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা গাউসুল আজম চৌধুরী বলেন, মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হামের চিকিৎসা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত রংপুর বিভাগে হামের পরিস্থিতি ভালো রয়েছে। আশা করছি আক্রান্তদের চিকিৎসার কোনো ধরনের সমস্যা হবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন