ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, সৎ বাবাকে পুলিশে দিলো জনতা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে সৎ বাবার ধর্ষণে বাকপ্রতিবন্ধী কিশোরীর (১৬) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে সৎ বাবা আব্দুল হেকিম (৬৪)কে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হেকিম ওই গ্রামের মৃত ইসলাম মিয়ার ছেলে। নান্দাইল থানার ওসি মো. মোজাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হেকিম প্রায় আট বছর আগে মোয়াজ্জেমপুর ইউনিয়নের এক বিধবা নারীকে তৃতীয় বিয়ে করেন। ওই নারীর সঙ্গে আগের সংসারের বাকপ্রতিবন্ধী এক মেয়ে ছিল। ওই মেয়েকে নিয়েই নতুন স্বামীর ঘরে আসে ওই নারী। কিছুদিন যেতে না যেতেই বাকপ্রতিবন্ধী মেয়েকে বিভিন্নভাবে যৌন হয়রানি করা হয়। ওই নারী বলেন, বেশ কিছুদিন ধরে তার মেয়েকে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছে। পরে ঘটনাটি ধরা পড়লে আর করবে না বলে ক্ষমা চায়। সম্প্রতি মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন হয়। পরে ওই কিশোরীকে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় সে অন্তঃসত্ত্বা। এমতাবস্থায় বাধ্য হয়ে ওই নারী প্রতিবেশীর কাছে নিজের স্বামীর ঘটনা বলেন। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে হেকিমকে ধরে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নান্দাইল থানার ওসি মো. মোজাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় বাকপ্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভিকটিম কিশোরীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন