মুন্সীগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল ও সংবাদ প্রচার করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলার আবেদন করা হয়েছে। গত ২৪শে মার্চ মুন্সীগঞ্জ আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে মামলাটি আবেদন করেন মো. মিজানুর রহমান। এতে ‘দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মঈনউদ্দীন আহমেদ সুমন ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভের বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির মামলার আবেদন করেন।
স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী জানান, অনিয়ম, দুর্নীতি ও ঘুষকাণ্ডের পরও যদি একজন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী রোষানলে পড়ে সাংবাদিকদের মামলার কারণে হয়রানি হতে হয় এটা দেশ ও জাতির জন্য লজ্জার। একজন চিহ্নিত ঘুষখোর কর্মচারীর খুঁটির জোর কোথায় সেটা নিয়ে চলছে আলোচনা। এ বিষয়ে আবু সাঈদ দেওয়ান সৌরভ বলেন, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান একজন চিহ্নিত ঘুষখোর কর্মচারী। তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। সে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করার জন্যই মামলার আবেদন করেছে। যেন কোনো সংবাদকর্মী তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা না বলে। এমন অসৎ কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সমকালের মুন্সীগঞ্জ প্রতিনিধি কাজী সাব্বির আহম্মেদ দীপু বলেন, ঘুষের ভিডিও ভাইরাল হওয়ার পরও একজন ঘুষখোর কর্মচারী কীভাবে মামলা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ঘুষকাণ্ডে ওই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি। যুগান্তর পত্রিকার মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম বলেন, ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই কর্মচারী স্বপদে বহাল থাকে কীভাবে? এর আগেও ওই কর্মচারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। উল্টো সে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া জরুরি। মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিন জেলা প্রতিনিধি গোলজার হোসেন বলেন, ৩৬ বছরের একই কর্মস্থলে মুন্সীগঞ্জ হাসপাতালসহ সকল স্বাস্থ্য কমপ্লেক্স ছিল তার নিয়ন্ত্রণে। কোটি কোটি টাকার মালিক হয়েছে। করেছে গাড়ি বাড়ি। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে বলেন, আদালতের মামলার নথি এখনো থানায় আসেনি। মামলা নথি প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুন্সীগঞ্জে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
