পোলট্রি খাতকে নিরাপদ ও লাভজনক করতে রংপুরে বিভাগীয় কারিগরি কর্মশালা হয়েছে। ওয়ার্ল্ড পোলট্রি এসোসিয়েশন বাংলাদেশ-ওয়াপসা’র উদ্যোগে পর্যটন মোটেলে এতে প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডা. আব্দুল হাই সরকার। ওয়াপসা’র প্রচার ও প্রচারণা সম্পাদক অধ্যাপক ড. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজুর রহমান, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাজেদুল করিম সরকার, পোলট্রি উদ্যোক্তা সাহেদা পারভীন তৃষা। কর্মশালায় বক্তারা জানান, ওয়াপসা’র উদ্যোগে পোলট্রি শিল্প নিয়ে গবেষণা, দেশব্যাপী খামারি প্রশিক্ষণ ও মডেল পোলট্রি খামার গড়ে তোলা হচ্ছে। কর্মশালায় রংপুর বিভাগের শতাধিক খামারি উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডা. আব্দুল হাই সরকার বলেন, বাংলাদেশে ডিম ও মুরগির মাংসের সংকট নেই। তবে পোলট্রি সেক্টরে প্রান্তিক পর্যায়ের খামারিরা খুব বেশি অবদান রাখতে পারছে না। অনেক খামারি টিকে থাকতেও পারছে না। এ বিষয় নিয়ে গবেষণা হওয়া দরকার। তিনি বলেন, উত্তরাঞ্চলের আবহাওয়ার ব্যাপক তারতম্য ঘটে। গরমের সময় তীব্র গরম ও শীতের সময় তীব্র শীত অনুভূত হয়। এ ছাড়া, চলমান আবহাওয়া দিনে গরম, রাতে ঠাণ্ডা আবার হঠাৎ করে বৃষ্টি হচ্ছে। এই পরিবর্তিত আবহাওয়ার কারণে মুরগির অসুখ বাড়ছে। তাই খামারিদের এ বিষয়ে সচেতন হতে হবে।
পোলট্রি খাতের উন্নয়নে রংপুরে বিভাগীয় কারিগরি কর্মশালা
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
