ত্রিশালে মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার

ত্রিশালে মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতন, অভিযুক্ত গ্রেপ্তার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হৃদয়বিদারক এই ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও নিন্দার ঝড় উঠেছে। ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা পুলিশ অভিযান চালিয়ে গতকাল দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন (২৮)কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক চুরির অপবাদ দিয়ে দুই শিশুকে অমানবিকভাবে নির্যাতন করছে। একপর্যায়ে একজন শিশুকে জোরপূর্বক পুকুরে নামিয়ে বারবার পানিতে চুবানো হয়। অপর শিশুটি প্রাণভিক্ষা চেয়ে একজনের পা জড়িয়ে ধরলেও তাকে টেনেহিঁচড়ে পানিতে নামিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনের আরও ভয়াবহ দৃশ্যে দেখা যায়, শিশুদের গলা চেপে ধরে শূন্যে তুলে আছাড় মেরে চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে তাদের পুকুরপাড়ের বাথরুমের নোংরা ও পচা পানি জোর করে পান করানো হয়। একপর্যায়ে তারা নিস্তেজ হয়ে পড়লেও নির্যাতনকারীদের মধ্যে কোনো দয়ার লক্ষণ দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, গত মাসের ২৭ তারিখ শুক্রবার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই শিশু সহোদর এবং তারা অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তাদের বাবা দিনমজুর এবং মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারটি এতদিন আইনি পদক্ষেপ নিতে সাহস পায়নি। ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন