ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

ভোট এবার এতটা উৎসবমুখর হবে তা কেউ ভাবেনি: মির্জা ফখরুল

ফন্ট সাইজ:

নির্বাচন এবার এতটা উৎসবমুখর হবে এটা কেউ ভাবেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস সেটা সারা দিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন অনেক সুন্দর হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমার বিশ্বাস নির্বাচনের ফলাফল ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার পাবে ও পার্লামেন্ট পাবে। যেটার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রাম করেছি। এ ছাড়াও তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান।

ভোটারদের ব্যাপক উপস্থিতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলা জুড়ে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। হিন্দু সমপ্রদায়ের ভোটারসহ নারী-পুরুষ, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠরা উৎসবমুখর পরিবেশে ভোটদানে অংশ নিচ্ছেন। সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে লাইনেও ছিল দীর্ঘ ভিড়। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রথমবারের মতো ভোট দিতে আসা পপি রায় নামে এক তরুণী বলেন, আমি এবার প্রথম ভোট দিবো। তাই বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এসে ভোট দিতে পারা এটা আমার জন্য এক স্মরণীয় দিন। নারী ভোটাররাও কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রে উপস্থিত ছিলেন। ২০২২ সালের বাংলাদেশ জাতীয় জনশুমারি অনুযায়ী, ঠাকুরগাঁও জেলার মোট জনসংখ্যার প্রায় ২২.১৪ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী, যা জেলার মোট জনসংখ্যার একটি বড় অংশ হিসেবে সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্ব বহন করে। এই অনুপাত ভোটার সংখ্যার একটি বাস্তব ধারণা দেয় এবং স্থানীয় নির্বাচনী পরিবেশে হিন্দু ভোটারের ভূমিকা স্পষ্ট করে তোলে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী বিভিন্ন কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনী থাকায় শেষ মুহূর্তেও ভোটারদের উপস্থিতি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এদিকে জেলার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সার্বিকভাবে ভোটগ্রহণ প্রশাসনিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন