যৌন হয়রানির মামলায় বড় ধাক্কা খেলেন হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি। সহ-অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে আনা ১৩টি অভিযোগের মধ্যে ১০টি সরাসরি খারিজ করে দিয়েছে আদালত। গত ৩রা এপ্রিল ঘোষিত এই রায়ের ফলে আইনি লড়াইয়ে বেশ পিছিয়ে পড়েছেন এই তারকা। ২০২৪ সালের ডিসেম্বরে ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলে মামলা করেন ব্লেক লাইভলি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত অধিকাংশ অভিযোগ বাতিল করে দেয়, যা ‘গসিপ গার্ল’খ্যাত এই অভিনেত্রীর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বালডোনি ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা ১৩টি অভিযোগের মধ্যে আদালত মাত্র তিনটি অভিযোগ আমলে নিয়েছে। সেগুলো হলো- মানসিক যন্ত্রণা দেয়া, কাজে হস্তক্ষেপ, প্ররোচনা। অন্যদিকে, বাকি ১০টি অভিযোগেই বিবাদীদের পক্ষে রায় গেছে। রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক দীর্ঘ বিবৃতিতে ব্লেক লাইভলি বলেন, তিনি কখনোই মামলা করতে চাননি। তবে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ চাওয়ার কারণে যে প্রতিহিংসার শিকার হয়েছেন, তার বিচার পেতেই এই লড়াই শুরু করেন। তিনি ঘটনাটিকে ‘ডিজিটাল সহিংসতা’ ও ‘নির্যাতন’ হিসেবে উল্লেখ করেন। এদিকে, জাস্টিন বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান দাবি করেছেন, আদালতের এই রায় প্রমাণ করে যে তার মক্কেল নির্দোষ। আগামী ১৮ই মে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বড় ধাক্কা
বিনোদন ডেস্ক
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
