জ্বালানি সাশ্রয়ে সরকার সন্ধ্যা ৬টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার যে সিদ্ধান্ত দিয়েছে, তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সকাল ৯টার বদলে সকাল ১১টা থেকে দোকানপাট খুলে রাত ৮টা পর্যন্ত চালু রাখার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার সমিতির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭০ লাখ দোকান মালিক ও ব্যবসায়ীর সঙ্গে দুই কোটি ৫০ লাখ কর্মচারীর কথা বিবেচনা করে দেশের সকল দোকান, বাণিজ্য বিতান ও শপিংমলের সময়সূচি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে ‘বিশেষভাবে অনুরোধ জানানোর’ সিদ্ধান্ত নিয়েছে সমিতি।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে, ব্যাংক লেনদেন হবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
আর দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। কাঁচাবাজার, ওষুধের দোকান, হোটেল-রেস্তোরাঁ ও জরুরি সেবা এ বিধিনিষেধের বাইরে থাকবে।
এর আগে বৃহস্পতিবার দোকান ব্যবসায়ী মালিক সমিতি বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে সারা দেশের সব দোকান ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

MD NAHID HOSSAIN
২ মাস আগেমামু বাড়ির আবদার আর কি