দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পঞ্চগড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ

ফন্ট সাইজ:

দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে পঞ্চগড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে পঞ্চগড়-১ আসনের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু (৪৮)কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। সকালে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের গেটের সামনে থেকে তাকে প্রশাসনের হাতে ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই আদেশ দেন। এ ছাড়া দু’টি আসনে সন্দেহজনকভাবে কয়েকজনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার দু’টি আসনে মোট ২৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এ মধ্যে পঞ্চগড়-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন, এখানে ভোটকেন্দ্র ১৫৫টি। পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন, এখানে মোট ভোটকেন্দ্র ১৩১টি। দু’টি আসনেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে। ভোটার উপস্থিতির হারও ছিল সন্তোষজনক। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, জেলার দু’টি আসনে শান্তিপূর্ণভবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৮শ’ জন সেনা সদস্য, ৮৫০ জন বিজিবি সদস্য, এক হাজার ২শ’ জন পুলিশ সদস্য, ৭৮ জন আনসার ব্যাটালিয়ন সদস্য এবং ৩ হাজার ৭৩১ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন