খুলনায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত

ফন্ট সাইজ:

খুলনায় বাসের ধাক্কায় লিলি কুণ্ডু (৪৯) নামে এক গৃহবধূ নিহত ও তার স্বামী অমর কুণ্ডু গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অমর কুণ্ডুর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার খুলনা আই হাসপাতালে ডাক্তার দেখিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাগেরহাটের রামপাল উপজেলার গ্রামের বাড়ি ফিরছিলেন লিলি কুণ্ডু। পথিমধ্যে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি লোকাল বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুণ্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় নিহত লিলি কুণ্ডুর স্বামী অমর কুণ্ডুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন