বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের চেয়ে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

ফন্ট সাইজ:

আগের যেকোনো সময়ের তুলনায় এখন বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়ে একটি পোস্ট করেন পল কাপুর। সেখানে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে বেশি এখন গুরুত্বপূর্ণ। নিরাপত্তা, বাণিজ্য এবং সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা এবং অভিন্ন মূল্যবোধ এ দেশ দু’টিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তুলেছে।

চীনের নাম উল্লেখ না করলেও দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রতি ইঙ্গিত করে বক্তব্য দেন পল কাপুর। বলেন, আমরা নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতে বাংলাদেশকে চাপ দিই না। আমরা বাংলাদেশকে উন্নত প্রযুক্তির প্রস্তাব দিই, যা বাংলাদেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এবং নিজের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে পারে।
পল কাপুর মনে করেন, দক্ষিণ এশিয়াতে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সমুদ্র বা সীমান্তে যা ঘটে, তা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য এলাকার পাশাপাশি সারা বিশ্বের নিরাপত্তায় প্রভাব ফেলে। বাংলাদেশ যাতে তার সার্বভৌমত্ব ও সমুদ্র এলাকা সুরক্ষার পাশাপাশি কৌশলগত জটিল পরিবেশের প্রেক্ষাপটে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সেই লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন