জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না মন্তব্য করে নূরুল ইসলাম বলেন, বিএনপি এই সনদের পক্ষে রয়েছে এবং এর প্রতিটি অক্ষর বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এ লক্ষ্যেই সরকার কাজ করছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হবে, যাতে আইনি প্রক্রিয়ার বিষয়ে কোনো প্রশ্ন না ওঠে।
বিরোধী দল প্রসঙ্গে তিনি বলেন, তারা একের পর এক অবস্থান বদলাচ্ছে, কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে। নির্বাচনের আগে তারা পিআর পদ্ধতি চেয়েছিল। আমেরিকা, ইংল্যান্ড বা আমাদের পাশের গণতান্ত্রিক দেশগুলোতেও এই ব্যবস্থা নেই। তারা বলছিল, পিআর না দিলে নাকি নির্বাচন হতে দেয়া হবে না। কিন্তু আমরা তখন স্পষ্ট বলেছি, কোনো বিশেষ অযৌক্তিক দাবি বাস্তবায়নের অজুহাতে নির্বাচন আটকে রাখা যাবে না।
তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতার কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন, তারেক রহমান জুলাই সনদের পক্ষে এবং এর প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। নির্বাচনে জয় লাভ করে বিরোধীদলীয় নেতার বাসায় গিয়ে দেখা করার নজিরও তিনি স্থাপন করেছেন। তিনি বলেন, দীর্ঘ সময় গণতান্ত্রিক লড়াই ও সংগ্রামের পর জনগণ স্বাধীনতার সুফল পেতে শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি উদাহরণ তৈরি হয়েছে। আর সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ ভালো থাকার কারণেই বিএনপিকে দীর্ঘ সময় ভোগান্তি পোহাতে হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।
