যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অন্তত ১২-১৫ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ নলকা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বগুড়া জেলার শাজাহানপুর থানার গোহাইল গ্রামের আয়েছ উদ্দিনের ছেলে বাসচালক জাহাঙ্গীর আলম (৫০), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার শ্রীরামপুর রাকিবুল ইসলাম রকেট (৩২) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাখী বেগম (৪০)। যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বিথী খাতুন মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকাগামী ‘বুশরা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রোড ডিভাইডার ও ওভারব্রিজের সঙ্গে জোরে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দু’জনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরও একজন নারীর মৃত্যু হয়।
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
