জালভোট প্রদানসহ দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনাজপুরে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দিনাজপুরের ৬টি নির্বাচনী এলাকার সবখানেই ঈদ উৎসবের মতো আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এখন প্রতিটি কেন্দ্রে ফলাফল গণনা চলছে। সবাই ফলাফলের জন্য উন্মুখ হয়ে রয়েছেন। জেলার বিভিন্ন আসনের কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোটারগণের উপস্থিতি প্রায় প্রতিটি কেন্দ্রে ৬৫ থেকে ৭০ শতাংশ। কিছু কিছু স্থানে দীর্ঘ লাইনে ভোট প্রদানের দৃশ্য দেখা গেলেও কোথাও আবার এর ব্যতিক্রমও ছিল। ভোটারদের অনেককে শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে দেখা গেছে। বিরল উপজেলার কালিয়াগঞ্জ বাজার এলাকার সাধারণ ভোটার মো. ইউসুফ আলী জানান, ১৫-২০ বছর আগের মতো সুন্দরভাবে ভোট প্রদান করেছি। শান্তিপূর্ণ এমন ভোটই প্রয়োজন। কেউ কোনো ঝামেলা করেনি। সবাই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। একইভাবে সদর উপজেলার সিকদারহাট এলাকার ভোটার আফজাল হোসেন বলেন, আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দীর্ঘদিন পর ভোটকেন্দ্রে আসতে পারলাম, এটাই আল্লাহর নিকট হাজার শুকরিয়া। এমন শান্তিপূর্ণ ভোট হবার পর যেই ক্ষমতায় আসুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তবে এর মধ্যে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দিনাজপুর-৩ (সদর) আসনের একটি কেন্দ্রে জাল ভোটের ঘটনা ঘটেছে। দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা আয়েশা সিদ্দিকা (২৮) তার পশ্চিম মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেন তার ভোট আগেই দেয়া হয়ে গেছে। ভোট দিতে না পারায় তিনি ক্ষোভে ফেটে পড়েন। রেগে গিয়ে তিনি বলেন, কোন মরা মানুষ এসে আমার ভোটটা দিলো, বিচার চাই, এটা কোন রাজনীতি। তার ভোটার নম্বর ছিল ২৭০৯৩৯২৬৫৪৬১ এবং সিরিয়াল নাম্বার ১২। বিষয়টি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ছাড়াও শহরের কেন্দ্রগুলোতে ধানের শীষ প্রার্থীর কর্মীরা ভোট কেন্দ্রের আশপাশের নিষিদ্ধ এলাকায় মিছিল বের করার অভিযোগ পাওয়া গেছে। দিনাজপুর সদর-৩ আসনের মহারাজা হাইস্কুল কেন্দ্র, ইকবাল হাইস্কুল কেন্দ্র ও আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে ধানের শীষ প্রার্থীর কর্মীরা জোটবদ্ধ হয়ে স্লোগান দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত থাকে। কিন্তু কর্তব্যরত বাহিনীর টহল টিম সরে গেলে আবারো মিছিল ও স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া শহরের বালুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তফিউদ্দীন মেমোরিয়াল স্কুলসহ আরও কয়েকটি কেন্দ্রে বিবদমান প্রার্থীদের সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়।
দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনাজপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন
দিনাজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
