সংগীতাঙ্গনের দুই পরিচিত মুখ প্রীতম হাসান ও জেফার রহমান। এবার একসঙ্গে তারা হাজির হচ্ছেন ওয়েব ফিল্মে। ‘তুমি আমি শুধু’ শিরোনামের এই ওয়েব ফিল্মটি নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে মুক্তি পাবে।
নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় তৈরি এই ওয়েব ফিল্মে তুলে ধরা হয়েছে দুই ভিন্ন মানসিকতার মানুষের গল্প। একটি ভুল খাবার ডেলিভারির ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ পরিচয় হয় তাদের। সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে এক ভিন্ন ধরনের সম্পর্ক। গল্পে প্রীতম হাসানকে দেখা যাবে আবেগপ্রবণ ও তাড়াহুড়ো সিদ্ধান্ত নেয়া এক তরুণের চরিত্রে, যিনি বিশ্বাস করেন প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে। অন্যদিকে, জেফার রহমান অভিনয় করেছেন বাস্তববাদী এক তরুণীর ভূমিকায়; যিনি যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে জীবনকে দেখেন। তাদের এই অপ্রত্যাশিত দেখা হওয়া কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে নিয়তির অদৃশ্য টান- এই প্রশ্নকে ঘিরেই এগিয়ে যাবে ‘তুমি আমি শুধু’র গল্প। পরিচালক শিহাব শাহীন জানান, ভালোবাসার এক নতুন গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সিনেমায়। আধুনিক প্রেক্ষাপট ও চেনা জীবনের ছায়া মিলিয়ে দর্শকদের জন্য একটি ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে এটি। প্রীতম হাসান বলেন, শিহাব শাহীনের গল্প বলার ধরন সব সময়ই আলাদা এবং হৃদয়ছোঁয়া। তার সঙ্গে কাজ করা ছিল দারুণ এক অভিজ্ঞতা। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই জুটি ও গল্প দর্শকদের ভালো লাগবে।
