দৌলতপুরে স্কুলছাত্র ও বিএনপি নেতাসহ আটক ৩

দৌলতপুরে স্কুলছাত্র ও বিএনপি নেতাসহ আটক ৩

ফন্ট সাইজ:

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে জাল ভোট প্রদান, ভোটকেন্দ্রের ভেতর ভোট চাওয়া ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজন স্কুলছাত্র ও বিএনপি নেতাসহ ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভেতরে ভোট চাওয়ার অপরাধে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেনকে আটক করা হয়। তিনি কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করছিলেন। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। দুপুর ২টার দিকে উপজেলার আল্লারদর্গা হাইস্কুল কেন্দ্রের ভেতর প্রার্থীর বিএনপি দলীয় পোস্টার প্রদর্শন করে ভোট চাওয়া ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সফি (৪৮) নামে একজন বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। এ ছাড়াও বিকাল ৪টার দিকে গাছিরদিয়াড় হাইস্কুল কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় সোহান (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম বলেন, নির্বাচনী আইন অমান্য করে ভোটকেন্দ্রের ভেতরে প্রচারণা চালানো ও জাল ভোট দেয়ার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ জানান, আটক ব্যক্তিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পৃথক ঘটনায় আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আমজাদ হোসেনসহ ৩জন বর্তমানে থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সারা দেশের ন্যায় দৌলতপুরেও সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নারী পুরুষ ভোটারদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলো উৎসবমুখর হয়ে ওঠে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন