ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাব ভারতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে পড়তে শুরু করেছে। বিশেষ করে বোতলজাত পানি ও বিয়ারের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ কাঁচামালের সরবরাহে ব্যাঘাত এবং জ্বালানির দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। খবর বিবিসির।
ভারতে তাপমাত্রা যখন ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর পথে, ঠিক তখনই প্রায় ৬০০ কোটি ডলারের বোতলজাত পানি শিল্প চাপে পড়েছে। বাজারের শীর্ষ ব্র্যান্ড বিসলেরি গত মাসে ১১ শতাংশ দাম বাড়িয়েছে। ফলে ১২টি এক লিটারের বোতলের একটি বাক্সের দাম ২৪ রুপি বেড়েছে। অন্যান্য ব্র্যান্ডও মূল্য বৃদ্ধি করেছে।
বিশ্লেষণ অনুযায়ী, শহরের প্রায় ১৫ শতাংশ এবং গ্রামীণ এলাকার ৬ শতাংশ পরিবার পানীয়ের জন্য বোতলজাত পানির ওপর নির্ভরশীল। কিন্তু কাঁচামালের দাম বাড়ায় এই নির্ভরতা ব্যয়বহুল হয়ে উঠছে।
এই পরিস্থিতির অন্যতম কারণ হরমুজ প্রণালীতে বিঘ্ন, যেখানে দিয়ে বিশ্বে ব্যবহৃত প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ইরানের অবরোধে বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে আমদানিনির্ভর ভারতীয় বাজারে।
বোতল তৈরির প্রধান উপাদান পলিইথিলিন টেরেফথালেট (পিইটি) উৎপাদনে অপরিশোধিত তেল প্রয়োজন হয়। কাঁচা তেলের দাম বেড়ে যাওয়ায় পিইটি প্রিফর্মের দাম কেজিপ্রতি ১১৫ রুপি থেকে বেড়ে প্রায় ১৮০ রুপিতে পৌঁছেছে। এতে মহারাষ্ট্রের প্রায় ২০ শতাংশ বোতল উৎপাদন কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
এখনও পর্যন্ত অনেক কোম্পানি অতিরিক্ত খরচ নিজেদের ওপর নিয়ে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। তবে শিল্প সংশ্লিষ্টরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে ভোক্তাদের ওপর এর প্রভাব পড়বে।
অন্যদিকে, বিয়ার শিল্পও চাপের মুখে। কাচের বোতলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। ফলে বিভিন্ন রাজ্যে বিয়ারের দাম ১২ থেকে ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে উৎপাদকরা।
কাচ উৎপাদনে প্রাকৃতিক গ্যাস প্রয়োজন, কিন্তু যুদ্ধ শুরুর পর ভারত গ্যাস সরবরাহে কড়াকড়ি আরোপ করেছে। এতে গ্যাস সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গেছে, যা উৎপাদন ব্যাহত করছে। বিকল্প হিসেবে তেল ব্যবহার করা হলেও উচ্চমূল্যের কারণে উৎপাদন খরচ আরও বেড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, পানি ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহে সামান্য ঘাটতিও বড় প্রভাব ফেলতে পারে। যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বাড়তে পারে বোতলজাত পানির দাম
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬, ১ঃ০৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
