ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং স্থাপনায় হামলা চালানো হয়েছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, অ্যামাজন এমন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে যারা ইরানের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত।
তারা সতর্ক করে বলেছে, ইরানি কর্মকর্তাদের ওপর হত্যাকাণ্ড অব্যাহত থাকলে পূর্বে প্রকাশিত তালিকায় থাকা অন্যান্য কোম্পানির ওপরও হামলা চালানো হতে পারে।
এর আগে বুধবার ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, বাহরাইনে অ্যামাজনের ক্লাউড ইউনিট ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
একই দিন আইআরজিসি গুগল ও মাইক্রোসফটসহ ১৮টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে হামলার হুমকি দেয়। তাদের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরানের ভেতরে হামলা ও হত্যাকাণ্ডে জড়িত।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়েছে। এ পর্যন্ত ইরানে ১৩৪০ জনের বেশি নিহত হয়েছে বলে জানানো হয়। যার মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।
এর প্রতিক্রিয়ায় তেহরান ইসরাইল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে, সেগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর
