চার শর্তে যুদ্ধ থামাবে ইরান

চার শর্তে যুদ্ধ থামাবে ইরান

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে চারটি শর্ত দিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেয়া সাক্ষাৎকারে জালালি বলেন, ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—আগ্রাসনের সম্পূর্ণ ও চূড়ান্ত অবসান, ভবিষ্যতে যুদ্ধ পুনরাবৃত্তি ঠেকাতে নিরপেক্ষ ও কার্যকর নিশ্চয়তা, সব ধরনের বস্তুগত ও নৈতিক ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির ওপর ইরানের কর্তৃত্বের প্রতি সম্মান প্রদর্শন।

তিনি বলেন, মধ্যস্থতার প্রচেষ্টাকে ইরান গুরুত্ব দেয়, তবে স্থায়ী শান্তি নির্ভর করবে এসব শর্ত বাস্তবায়নের ওপর। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে গঠনমূলক ও আন্তরিক যেকোনো উদ্যোগের জন্য তেহরান উন্মুক্ত রয়েছে বলেও জানান তিনি।

জালালি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি বা দীর্ঘমেয়াদি সমাধানের যেকোনো প্রস্তাবকে বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটাতে হবে এবং ন্যায়সঙ্গত শান্তি নিশ্চিত করতে আইনি ও রাজনৈতিক শর্ত পূরণ করতে হবে।

তিনি আরও জানান, হুমকির উৎস নির্মূল না হওয়া পর্যন্ত ইরান আত্মরক্ষার অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে রাশিয়াসহ কৌশলগত মিত্রদের সঙ্গে সমন্বয় চলছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নেতৃত্ব যুদ্ধবিরতির অনুরোধ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু হয়ে নৌ চলাচল নিরাপদ নিশ্চিত হলে যুক্তরাষ্ট্র এ ধরনের অনুরোধ বিবেচনা করবে। ট্রাম্প আরও জানান, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন