চ্যাম্পিয়নস লীগ সেমিতে বার্সার কাছে বিধ্বস্ত রিয়াল

চ্যাম্পিয়নস লীগ সেমিতে বার্সার কাছে বিধ্বস্ত রিয়াল

ফন্ট সাইজ:

ছেলেদের ফুটবলে লড়াইটা সেয়ানে-সেয়ানে হলেও, মেয়েদের ফুটবলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথে এখন আর লড়াইয়ের কিছু নেই। এটি এখন পরিণত হয়েছে কাতালানদের একচ্ছত্র আধিপত্যে। নারী চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অল হোয়াইটদের আক্ষরিক অর্থেই গোলবন্যায় ভাসিয়ে সেমিফাইনালে পা রাখলো বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ১২-২ গোলের বিশাল ব্যবধানে রিয়ালকে বিদায় করে টানা অষ্টমবারের মতো শেষ চারে ওঠার রেকর্ড গড়লো বার্সার মেয়েরা।

ক্যাম্প ন্যুতে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে রিয়ালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে স্বাগতিকরা। প্রথম লেগে রিয়ালের মাঠ থেকে ৬-২ গোলের জয় নিয়ে ফেরা বার্সা ঘরের মাঠেও ছিল অপ্রতিরোধ্য। এদিন দলের হয়ে জোড়া গোল করেন ক্যারোলাইন গ্রাহাম হ্যানসেন। এছাড়া গোলের দেখা পান আইরিন পারেদেস, ইভা পাজোর ও ইসমি ব্রুগটস। তবে পুরো আলো নিজের দিকে কেড়ে নেন বার্সা আইকন অ্যালেক্সিয়া পুতেয়াস।

এটি ছিল পুতেয়াসের ক্যারিয়ারের অন্যতম সেরা এক রাত। কাতালান ক্লাবটির জার্সিতে ৫০০তম ম্যাচ খেলতে নামার অষ্টম মিনিটেই লক্ষ্যভেদ করেন তিনি। এটি ক্লাবের হয়ে তার ২৩০তম গোল। একইসঙ্গে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে নারী চ্যাম্পিয়নস লীগে ৩০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই তারকা মিডফিল্ডার। তাই তো ম্যাচের পর তাকে কাঁধে চড়িয়ে উদযাপন করে দলের সতীর্থরা। গ্যালারি থেকে পুতেয়াসের নামের স্লোগান ভেসে আসতে থাকে। আবেগী কণ্ঠে এ ৩২ বছর বয়সী তারকা বলেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, নিজেকে অনেক ভালোবাসায় ঘেরা মনে হচ্ছে। আমি সর্বদাই এটি বলি যে, সমর্থকেরা সেরা। এ দলের সবচেয়ে বড় শক্তি সমর্থকদের সঙ্গে আমাদের সম্পর্ক। দিনের শেষে এমন কিছু দেখা সত্যিই আবেগের।’

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, গত ৮ দিনে তিনবার মুখোমুখি হয়েছে বার্সা ও রিয়াল। এই তিন ম্যাচে রিয়ালের জালে ১৫ গোল জড়িয়েছে বার্সা! দুদলের ২৫ বারের দেখায় এটি কাতালানদের ২৪তম জয়।

সেমিতে প্রতিপক্ষ হিসেবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে পেয়েছে বার্সেলোনা। লীগ পর্বে বাভারিয়ান কন্যাদের ৭-১ গোলে হারানোর সুখস্মৃতি সঙ্গী করেই মাঠে নামবে গতবারের রানার্সআপরা। অন্যদিকে, চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে দুই লেগ মিলিয়ে সর্বোচ্চ ব্যবধানে হারের তিক্ত স্বাদ নিয়েই আসর থেকে বিদায় নিতে হলো রিয়ালকে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন