মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ সদস্য, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বন্ডি এখন বেসরকারি খাতে নতুন দায়িত্বে যোগ দেবেন। তবে সেই ভূমিকা কী হবে, তা এখনো প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে বিবিসি।
ট্রাম্প তার সামাজিক মাধ্যমের পোস্টে বন্ডির কাজের প্রশংসা করেন এবং বলেন, তিনি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু প্রশাসনের ভেতরে বন্ডির ওপর অসন্তোষ বাড়ছিল, বিশেষ করে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশে তার ভূমিকা নিয়ে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার সময় বন্ডি এপস্টেইন মামলার পূর্ণ স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি একটি কথিত ‘ক্লায়েন্ট তালিকা’ প্রকাশের কথা বলেছিলেন, যদিও পরে বিচার বিভাগ জানায়, এমন কোনো তালিকা নেই। পরে কংগ্রেসের চাপে বিপুল পরিমাণ নথি প্রকাশ করা হয়, যা নিয়েও সমালোচনা তৈরি হয়।
এই ইস্যুতে ডেমোক্রেট ও রিপাবলিকান— উভয় দল থেকেই সমালোচনা আসে। রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসি নতুন অ্যাটর্নি জেনারেলের কাছে পূর্ণ তদন্ত ও বিচার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে ডেমোক্রেট রো খান্না বলেছেন, কংগ্রেস এখন আর নির্বাহী বিভাগের কাছে নতিস্বীকার করবে না।
বন্ডির স্থলাভিষিক্ত হচ্ছেন তার ডেপুটি টড ব্লানচে। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশের প্রতি সমর্থন অব্যাহত থাকবে।
দায়িত্ব ছাড়ার আগে বন্ডি বলেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করা তার জীবনের বড় সম্মান। নতুন দায়িত্বেও তিনি ট্রাম্প প্রশাসনের পক্ষে কাজ চালিয়ে যাবেন বলে জানান। বন্ডির মেয়াদকালে বিচার বিভাগ রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে তদন্ত চালানো নিয়েও সমালোচনার মুখে পড়ে। এছাড়া কিছু আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনাও বিতর্ক তৈরি করে।
এদিকে, গত কয়েক সপ্তাহে ট্রাম্প প্রশাসনে এটি দ্বিতীয় বড় পরিবর্তন। এর আগে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েমকেও পদ থেকে সরানো হয়।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসন তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক এই পরিবর্তনগুলো অভ্যন্তরীণ চাপ ও রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পাম বন্ডিকে সরিয়ে দিলেন ট্রাম্প
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬, ১০ঃ১১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
