রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা একটু উন্নতির দিকে। তবে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, উনার যে অক্সিজেন গ্রহণ করতে হতো, সেটা এখন কমে এসেছে। অর্থাৎ অক্সিজেনের চাহিদা কমে আসছে। উনার শ্বাসতন্ত্রের ইনফেকশন ধরা পড়েছিল, সেটা বুধবারের রিপোর্টে দেখা গেছে, কিছুটা উন্নতি হয়েছে। তবে রুহুল কবির রিজভীকে চিকিৎসকরা পূর্ণ বিশ্রামে থাকার জন্য পরামর্শ দিয়েছে বলে জানান রফিকুল ইসলাম। গত মঙ্গলবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে এই হাসপাতালে ভর্তি হন রিজভী। বুধবার রাতে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান স্কয়ার হাসপাতালে যান এবং রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। স্কয়ার হাসপাতালের চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন রিজভী।
রিজভীর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, ভাইকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সকালের দিকে ঘুম থেকে উঠে জানতে চেয়েছেন নির্বাচন কেমন হচ্ছে? কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন? ভাবী (আরজুমান আরা আইভী) বিকালে আসেন। ডাক্তাররা বলেছেন, ইনফেকশন ছড়াতে পারে, সেজন্য ভিজিটর নো এলাউ। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। পরিবার তার আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তুষার।
রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে
স্টাফ রিপোর্টার
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
