ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজধানীর ঢাকা-১২ আসনের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ ভোট। ভোটকেন্দ্রে নারী-পুরুষের উপস্থিতি ছিল ব্যাপক। তরুণ-তরুণী থেকে বয়স্ক নারী-পুরুষ সবাই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যান ভোট উৎসবে। কেন্দ্রের ভেতরে এবং বাইরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আতঙ্ক ছাপিয়ে স্বস্তির ভোট দিয়েছেন ভোটাররা। এই আসনের কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা বলেছেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১২ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ২৭৯ জন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড- অর্থাৎ বড় মগবাজার, তেজগাঁও, ইস্কাটন, শেরেবাংলা নগর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১২ আসন। কেন্দ্রগুলোর সরজমিন দেখা যায়, নারী-পুরুষ মিলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটে অংশ নিয়েছেন ভোটাররা। ভোট শেষে একে অপরকে জড়িয়ে ধরে স্বস্তির কথা জানাচ্ছেন। আবার কেউ কেউ দলবদ্ধভাবে ভোট দিতে এসেছেন স্কুল জীবনের বন্ধুরা। তাদের অনেকের বয়স ৫৫-৬০ বছর। ভোটের পর সেলফি ও আড্ডা দিয়েছেন অনেকে। ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। এ যেন এক মিলনমেলা। রাজধানীর তেজগাঁও গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলে প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৩৪৬টি। ঢাকা-১২ আসনের ৫৮ নম্বর এই কেন্দ্রটিতে মোট ভোটের সংখ্যা ৩ হাজার ৮৪৫টি। ভোট দিতে আসা ভোটাররা খুব সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। তেজগাঁও গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের প্রিজাইডিং অফিসার মো. শফিকুল হাসান বলেন, আমাদের এখানে সাতটি বুথ রয়েছে। এই কেন্দ্রে শুধু পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন। সকাল থেকে এখানের পরিবেশ ভালো, কোনো ঝামেলা নেই। এই কেন্দ্রে ভোট দিতে আসা নাইমুল ইসলাম বলেন, কেন্দ্রে কোনো ভিড় দেখছি না। স্বস্তিতে ভোট দিতে পেরেছি।
একই আসনের সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক কড়াকড়ি, স্বস্তিতে এই কেন্দ্রেও মানুষ ভোট দিয়েছেন। তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের বাইরে এবং ভেতরে দিনভর ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। এই স্কুলটির দুই কেন্দ্রে ভোট দিয়েছেন নারী ও পুরুষ ভোটাররা। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৮০১ জন। এখানে সকাল ১০টা পর্যন্ত ভোটে কাস্ট হওয়ার সংখ্যা ছিল ২৯৪টি। প্রিজাইডিং অফিসার আহসান হাবিব বলেন, আমাদের এখানে বুথ রয়েছে তিনটি। ৫৫ নম্বর কেন্দ্রটির দুই নম্বর কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ৯৬টি (৬.৫৩ শতাংশ)। এখানে মোট ভোটার ১ হাজার ৪৬৯ জন। এ ছাড়া এক নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিশ্বজিৎ বলেন, এখানে মোট ভোটার ২ হাজার ৮০১ জন। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৯৪টি। সকালের দিকে ভোটারদের উপস্থিতি অনেক বেশি ছিল। মাঝের সময়টা কিছু কমে আবার দুপুরের আগে বাড়তে থাকে ভোটারদের চাপ।
লাঠিতে ভর দিয়ে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের ভোটকেন্দ্রে এসেছেন নব্বই বছরের বৃদ্ধা আলী আহমেদ। তিনি বলেন, অনেকদিন পর স্বস্তি পেলাম। অসুস্থ শরীরে হাঁটতে পারি না, তবুও মনের জোর নিয়ে ভোট দিতে এসেছি। ভোটকেন্দ্রে আসার আগে মনের মধ্যে একটা ভয় ছিল, এখন মনটা হালকা হয়ে গেছে। ভোট দিতে পেরে খুবই আনন্দিত হয়েছি। অসুস্থ থাকলেও এখন সুস্থ মনে হচ্ছে।
ভোট দিতে আসা লিলিয়াম নামে এক নারী বলেন, এত সুন্দর ভোট আয়োজন হয়েছে দেখে খুব আনন্দিত হয়েছি। ভোটকেন্দ্রের ভেতরে আসার আগেও একটা আতঙ্ক কাজ করেছে কিন্তু ভেতরে এসে দেখি অত্যন্ত নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশে ভোট দিচ্ছে মানুষ। কোনো ধরনের বিবাদ নেই। যোগ্য প্রার্থীকেই ভোট দিয়েছি।
