সিলেটে দুপুরের পর ভিন্ন চিত্র

সিলেটে দুপুরের পর ভিন্ন চিত্র

ফন্ট সাইজ:

সকাল তখন ১০টা। কাজির বাজার মাদ্রাসা ভোটকেন্দ্র। পুরুষ ও মহিলা ভোটারের লাইনে ভোটার বেশি। দলে দলে আসছেন, ভোট দিচ্ছেন। চলেও যাচ্ছেন। কিন্তু ভোটার কমছে না। সকাল ৯টায় নগরের সারদা হলের ভোটকেন্দ্রে যখন আসেন সিলেট-১ আসনের বিএনপি’র প্রার্থী আব্দুল মুক্তাদির তখন কেন্দ্রে ভোটারের উপস্থিতি বেশি। ভোর থেকেই এ কেন্দ্রে দাঁড়িয়ে থাকেন ভোটাররা। আওয়ামী লীগের কেন্দ্র বলে পরিচিত দুর্গা কুমার পাঠশালা। সেখানেও ভোটারের উপস্থিতি ছিল আশা ব্যঞ্জক। আলীয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দলে দলে আসছিলেন ভোটাররা। ব্লু-বার্ড কেন্দ্রে সকালে ছিল ভিড়। ভোট উৎসব বলতে যা বোঝায় সবই ছিল ওইসব কেন্দ্রে। ভোটাররা নির্বিঘ্নে এসে কেন্দ্রে ভোট দিয়ে যান। তবে সারদা হলে ভোট দিতে এসে খন্দকার আব্দুল মুক্তাদির মহিলাদের ভোটগ্রহণ নিয়ে কিছুটা বিরক্তি দেখান। বলেন- মহিলাদের ভোটগ্রহণের প্রক্রিয়ায় ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। কয়েকটি কেন্দ্রে তিনি এ পরিস্থিতি দেখেছেন। গোয়াইনঘাটে গুরুকচি কেন্দ্রে সকালে ভোট দেয়ার সময় সন্তোষ প্রকাশ করেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। বলেন; কেন্দ্রে ভোটারদের উপস্থিতি প্রমাণ করে ভোট উৎসবই হচ্ছে। জনগণ এবার স্বাধীনভাবেই তাদের মতামত ব্যক্ত করতে পারছেন। শহরতলীর তেতলিতে নিজ কেন্দ্রে ভোট দেন সিলেট-৩ আসনের বিএনপি’র প্রার্থী এমএ মালিক। কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখে তিনি উৎফুল্ল। জানান- রাতে অনেক জায়গায় সেন্টার দখল, ভোট দেয়ার প্রবণতা চালিয়েছে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী-সমর্থকরা। সকালের পরিবেশ ঠিক তার উল্টো। তিনি বলেন- সকালে যেভাবে কেন্দ্রে ভোটাররা আসছেন সেভাবে যদি আসেন তাহলে সিলেটে কাস্টিং ভোট রেকর্ড ছাড়াবে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। বলেন- ভোটের পরিবেশ ভালো। উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। সকালে সিলেটের কাজিরবাজার ভোটকেন্দ্রে কথা হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে। তিনিও ভোটারের উপস্থিতি ও ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। বলেন- কয়েকটি কেন্দ্রে ঘুরে এসেছেন। দেখেছেন ভোটারের উপস্থিতি রয়েছে। সিলেট নগর পুলিশের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। এদিকে দুপুরের দিকে কেন্দ্রে কেন্দ্রে কমতে থাকে ভোটারের উপস্থিতি। প্রখর রোদ ছিল। গরমও কিছুটা। এতে ভোগান্তি বাড়ে ভোটারের। সিলেটের বেশির ভাগ ভোটকেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি কমে যায়। তবে বেলা দেড়টা পর্যন্ত পুরুষ ভোটারের উপস্থিতি ছিল। ভোটারের উপস্থিতি নিয়ে দুপুরেও সন্তুষ্টির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সরওয়ার আলম। তিনি জানান- ৬ ঘণ্টায় সিলেটে ৩৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। ভোটাররা কেন্দ্রে আসছেন, সময় গড়ালে ভোট বাড়বে। এদিকে- রাতের ঘটনাবলি নিয়েও সাংবাদিকদের প্রশ্নে জবাব দেন রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান- কয়েকটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার নিয়ে কিছু সমস্যা ছিল। সেগুলো চিহ্নিত করে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়েছে। তবে সিলেট জেলায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এদিকে- কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। কোম্পানীগঞ্জের একটি কেন্দ্রে জালভোট দেয়ার সময় তিন যুবককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুরে নগরের জালালাবাদ আবাসিক এলাকার প্রবেশ মুখে আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল রাজাকে সেনাবাহিনীর সদস্যরা আটক করেন। গোয়াইনঘাটের আলীরগাঁও এলাকার একটি ভোটকেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিজিবি ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। সিলেট-২ আসনের বিশ্বনাথ ও ওসমানী নগরের কয়েকটি কেন্দ্রে উত্তেজনা খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। সিলেট-৫ আসনেও কয়েকটি কেন্দ্রে জালভোটের অভিযোগ আসে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন