তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং অর্থ আত্মসাতের মামলায় আপসের শর্ত ভঙ্গ করায় বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ গতকাল এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান বলেন, আজ (গতকাল) মামলার ধার্য দিন ছিল। জামিনে থাকা আসামি নোবেল আদালতে হাজিরা দেন। তবে তিনি এর আগে জামিনে গিয়ে আপসের শর্ত ভঙ্গ করেছেন। এজন্য আমরা তার জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আনাননিয়া শবনম রোজ (অনন্যা) নামের এক তরুণী গত বছরের ১৩ই আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, নোবেলের পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং তার এসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে হেনস্তা, আপত্তিকর ছবি তৈরির চেষ্টা এবং প্রতারণা করে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় মামলার আসামিদের বিরুদ্ধে। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। অভিযোগের সত্যতা পাওয়ায় গত ৭ই জানুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান পাঁচজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ২রা ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ২৩শে ফেব্রুয়ারি দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তবে বাদীর অনাপত্তিতে আপসের শর্তে জামিন পান নোবেল। কিন্তু অনন্যা পরে অভিযোগ করেন আপসের শর্ত ভঙ্গ করে ওইদিনই তাকে ডেমরার বাসায় নিয়ে মারধর করেন নোবেল।
শর্ত ভঙ্গ করায় কারাগারে নোবেল
স্টাফ রিপোর্টার
৩ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
