ছেলে-পুত্রবধূর হাতে ভর করে ভোট দিলেন ১০২ বছর বয়সী ছবুরা খাতুন। নানা রোগে-শোকে আক্রান্ত হয়ে থাকেন শয্যাসায়ী। অন্যের সাহায্য নিয়ে চলতে-ফিরতে হয়। শারীরিক অক্ষমতা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন তিনি। বৃহস্পতিবার বিকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছেলে আর পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ছবুরা। তিনি দৌলতপুর এলাকার মৃত আবদুর রউফের স্ত্রী। সকিনা সাকি জানান, ছবুরা খাতুন সম্পর্কে তার চাচি শাশুড়ি। ভোটের কথা শুনে আগ্রহ প্রকাশ করায় চাচাতো ভাসুর শেখ জানে আলমসহ তাকে ধরে কেন্দ্রে নিয়ে আসেন। ছবুরা খাতুন বলেন, অনেক বছর পর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে। নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু পরিবেশ পেয়ে মানুষ আনন্দের সঙ্গে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশ পেয়ে অনেক বৃদ্ধ মানুষ ভোট দিতে এসেছেন। ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, ভোটগ্রহণ শুরুর পর থেকে যতগুলো অভিযোগ পেয়েছি; সকল স্থানেই মোবাইল টিম পাঠানো হয়েছে। তবে, কোথাও ভোটগ্রহণে সমস্যা হয়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১০২ বছর বয়সী ছবুরা খাতুন বলেন ‘ভোট দিতে পেরে খুব ভালো লেগেছে’
ফেনী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
