চট্টগ্রামে প্রথম ভোটে তরুণ ভোটারদের উচ্ছ্বাস

চট্টগ্রামে প্রথম ভোটে তরুণ ভোটারদের উচ্ছ্বাস

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে জেলা ও উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রথমবার ভোট দিতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিশোর ও তরুণ ভোটাররা। সকাল থেকেই কেন্দ্রগুলোতে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্রে কথা বলে জানা গেছে, এবারই প্রথম ভোটাধিকার প্রয়োগ করছেন এমন অনেক শিক্ষার্থী ও নবীন ভোটার। তাদের অনেকেই পরিবার সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে আসেন। ভোট দিয়ে বের হয়ে তারা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। চান্দগাঁও পূর্ব মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রফিক উল্লাহ নামে এক নবীন ভোটার বলেন, প্রথমবার ভোট দিতে পেরে ভীষণ ভালো লাগছে। দেশের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং কর্মসংস্থান তৈরিতে কাজ করব্তে এমন প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানান তিনি। আরেক সাজিয়া আফরিন নামে কিশোরী ভোটার বলেন, আগে শুধু বড়দের ভোট দিতে দেখেছি। এবার নিজের ভোট নিজে দিতে পেরে গর্ব অনুভব করছি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা আবু জোবায়ের নামে এক তরুণ ভোটার বলেন, দেশের পরিবর্তনের জন্য সংস্কার প্রয়োজন। তাই প্রথমবারের মতো ভোট দিতে এসেছি। হ্যাঁ ভোট দিয়ে দেশের সংস্কারকে স্বাগত জানালাম। ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, অনেক কিশোর ভোটার বন্ধুদের সঙ্গে ভোট দিতে আসেন। কেউ কেউ ভোট দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন। কর্ণফুলী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয়ে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সানাউল্লাহ কাউছার বলেন, সকাল থেকে মহিলা বুথে ভোটারের চাপ ছিল বেশি।
এই কেন্দ্রে ৩৩১১ জন ভোটার। প্রথমে ৭ টা বুথ ও পরে আরও ২ টি বুথ বাড়ানো হয়। ভোটারদের মধ্যে কিশোরী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। চান্দগাঁও পূর্ব মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, এই কেন্দ্রে ৪৭২৪ জন ভোটার রয়েছে। যেখানে অধিকাংশ তরুণ প্রজন্মের ভোটার। উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের নির্বাচনী হিসাব-নিকাশে ‘ফ্যাক্টর’ তরুণ ভোটাররা। ৬৬ লাখ ১৬ হাজার ৭১২ জন ভোটারের মধ্যে নতুন ভোটার যুক্ত হয়েছে তিন লাখ চার হাজার ৫১ জন। যাদের অধিকাংশই তরুণ। তিন লাখের অধিক তরুণ ভোটারের বেশির ভাগই প্রথমবারের মতো ভোট প্রয়োগ করেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন