ভূমধ্যসাগরে সুনামগঞ্জের আরেক তরুণের মৃত্যুর খবর পেয়েছে তার পরিবার। একই নৌকায় মারা যাওয়া সুনামগঞ্জের ১২ জনের সঙ্গে ওই তরুণও ছিলেন। নিহত তরুণের নাম মহিবুর রহমান (২০)। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঘাগলাজুর গ্রামে। তিনি ওই গ্রামের মো. নুরুল আমিনের ছেলে।
এ নিয়ে ভূমধ্যসাগরে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। ১২ জনের খবরটি দেশে আসার পর থেকেই রহমানের পরিবার বারবার দালালের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো তথ্য পায়নি।
সোমবার একই বোটে থাকা জীবিত ফেরা সুনামগঞ্জের আরেক যুবক মারুফ আহমদ গ্রিস থেকে মহিবুর রহমানের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে নিশ্চিত করে। দেশ থেকে মহিবুর ও মারুফ আহমদ নামের ওই যুবক একই সঙ্গে গিয়েছিলেন। উদ্ধারের পর মারুফ আহমদ এখন গ্রিসের একটি ক্যাম্পে আছেন।
এর আগে শনিবার ভূমধ্যসাগরে মারা যাওয়া সুনামগঞ্জের ১২ জনের নাম-পরিচয় নিশ্চিত করে পুলিশ।
