বড় শাস্তি থেকে বাঁচলেন ব্রুক ও বেথেল

নাইটক্লাব বিতর্ক

বড় শাস্তি থেকে বাঁচলেন ব্রুক ও বেথেল

ফন্ট সাইজ:

নিউজিল্যান্ড সফরে মাঝরাতের সেই নাইটক্লাব কাণ্ডে শেষ পর্যন্ত বড় ধরণের শাস্তির মুখে পড়তে হলো না হ্যারি ব্রুক ও জেকব বেথেলকে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা ‘ক্রিকেট রেগুলেটর’ দুই ক্রিকেটারকে শুধু ‘সতর্কীকরণ নোটিশ’ দিয়ে বিষয়টি মীমাংসা করলো। তবে এ ঘটনার সঙ্গী আরেক ক্রিকেটার জশ টাংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ঘটনাটি গত বছরের ১লা নভেম্বরের। কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অধিনায়কত্ব করার আগের রাতে ব্রুক ওয়েলিংটনের একটি পাবে মদ্যপ অবস্থায় ঢোকার চেষ্টা করেন। সেখানে এক বাউন্সারের সঙ্গে বিবাদে জড়িয়ে আঘাতপ্রাপ্ত হন তিনি। শুরুতে তিনি সেখানে একাই ছিলেন দাবি করলেও, পরবর্তীতে ব্রুক স্বীকার করেন যে সতীর্থদের বাঁচাতে তিনি তখন মিথ্যা বলেন এবং তার সঙ্গে বেথেল ও টাংও উপস্থিত ছিলেন। এ ঘটনার দুই মাস পার হলে বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে বিষয়টি ফাঁস হলে বিতর্কের ঝড় ওঠে।

এ বিষয়ে তদন্ত শেষে ক্রিকেট রেগুলেটর জানিয়েছে, ব্রুক ও বেথেল ইসিবির পেশাগত আচরণ বিধির ৩.২ ধারা লঙ্ঘন করেছেন। উক্ত ধারায় ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করা বা খেলাটিকে অসম্মানিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত। দুই ক্রিকেটারই তাদের দোষ স্বীকার করে নিয়েছেন। ফলে তাদের কোনো আনুষ্ঠানিক ‘অভিযোগপত্র’ দেয়া না হলেও, আগামী তিন বছর তাদের ডিসিপ্লিনারি রেকর্ডে সতর্কবার্তাটি বহাল থাকবে।

তবে টাংয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এই তারকা পেসার সম্প্রতি জানান, ঘটনাটি থেকে তার যথেষ্ট শিক্ষা হয়েছে। ক্রিকেট রেগুলেটর স্বাধীন একটি সংস্থা, যা ইংল্যান্ড ও ওয়েলসে খেলার নিয়মকানুন প্রয়োগ করে এবং ইসিবির বাকি অংশ থেকে সম্পূর্ণ আলাদা। ঘটনাটি জনসম্মুখে আসার আগে ইসিবি গোপনে শাস্তি দেয় ব্রুককে। প্রথমে অধিনায়কত্ব কেড়ে নেয়ার কথা ভাবলেও, পরে তাকে ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়।
অ্যাশেজে ৪-১ ব্যবধানে হারের পর ইংল্যান্ড দলের ‘মদ্যপানের সংস্কৃতি’ নিয়ে তুমুল সমালোচনা হয়। ম্যানেজিং ডিরেক্টর রব কি স্বীকার করেন যে, দলের দু-তিনজন ক্রিকেটার মদ্যপানের ব্যাপারে দায়িত্বজ্ঞানহীন হতে পারেন। এই বিতর্কিত পরিবেশ সংস্কারের অংশ হিসেবে শ্রীলঙ্কা সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে দলে ‘মিডনাইট কারফিউ’ বা মাঝরাতের বিধিনিষেধ চালু করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন