‘সতেরো বছর পর জিয়ার বেটারে ভোট দিয়েছি’

‘সতেরো বছর পর জিয়ার বেটারে ভোট দিয়েছি’

ফন্ট সাইজ:

সতেরো বছর পর ভোট দিতে সকাল সকাল মেয়ের সঙ্গে কেন্দ্রে আসেন ১০১ বছর বয়সী রাবেয়া বেগম। ভোট দেয়ার পর কেন্দ্রের বাইরে বসেছিলেন। মেয়ে আছমা বেগম বারবার বাড়ি নিয়ে যেতে চাইলে তিনি আরও একটু বসতে চান। রাবেয়া বেগম বলেন, অনেক বয়স হয়েছে। সতেরো বছর ধরে ভোট দিতে পারি নাই। ভেবেছিলাম মরেই যাবো আর ভোট দিতে পারবো না। কখন মারা যাই, বলা যায় না। তাই কষ্ট হলেও জিয়ার বেটারে ভোট দিতে এসেছি। অনেকদিন পর এত মানুষ দেখে আনন্দ লাগছে। তাই ভোট দেয়ার পরও কেন্দ্র ঘুরে দেখছি। ময়মনসিংহ সদর উপজেলার চর হরিপুর গ্রামের রাবেয়ার স্বামী অনেক আগেই মারা গেছেন। মেয়েদের বিয়ে দিয়ে ছেলের সঙ্গে বসবাস করেন। বয়স হয়ে যাওয়ায় চলাফেরা করতে পারেন না। তার মেয়ে আছমা বেগম বলেন, আমার মায়ের বয়স ১০১ বছর। ভোট দিতে চাওয়ায় নিয়ে এসেছি। ভোট শেষে মা’কে বাড়ি নিয়ে যাচ্ছি। তাকে কেন্দ্র ঘুরিয়ে দেখাচ্ছি। চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা আলিমুল ইসলাম বলেন, ভোট চালু করতে একটু দেরি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। সুষ্ঠুভাবে চলছে ভোটগ্রহণ। এখনো কোনো সমস্যা হয়নি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন