বাংলাদেশ চাইনিজ তাইপে লড়াই আজ

এশিয়ান গেমস হকি বাছাইপর্ব

বাংলাদেশ চাইনিজ তাইপে লড়াই আজ

ফন্ট সাইজ:

দুই দশক ধরে বাছাইপর্ব খেলে এশিয়ান গেমস হকির মূলমঞ্চে খেলছে বাংলাদেশ। আবারো বাছাইপর্ব পরীক্ষার সামনে লাল-সবুজ প্রতিনিধিরা। আজ থেকে থাইল্যান্ডে শুরু হতে যাওয়া বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে ফজলে হোসেন রাব্বির দল। খেলা শুরু সকাল ১০টায়। চাইনিজ তাইপেকে হারিয়ে মিশন শুরুর লক্ষ্য বাংলাদেশের।
বাছাইপর্বে ‘পুল বি’-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, চাইনিজ তাইপে এবং উজবেকিস্তান। ‘পুল এ’-তে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও হংকং, ইন্দোনেশিয়া, কাজাখস্তান ও ওমান প্রতিদ্বন্দ্বিতা করবে। এখান থেকে সেরা ৬ দল পাবে এশিয়ান গেমসের মূলপর্বে খেলার টিকিট। স্বাগতিক জাপান ও ২০২২ এশিয়ান গেমসের সেরা পাঁচ দলসহ মোট ১২ দল নিয়ে হবে এবারের এশিয়ান গেমসের মূলপর্ব।
বাছাইপর্বকে সামনে রেখে ৩১শে মার্চ থাইল্যান্ডে পা রাখে হকি দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গতকাল হংকং চায়নার সঙ্গে সকাল ১১টায় দুই কোয়ার্টারের একটি প্রস্তুতি ম্যাচ খেলে। প্রস্তুতি ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। ফল যাই হোক না কেন থাইল্যান্ডের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেন খেলোয়াড়রা। প্রস্ততি ম্যাচ সম্পর্কে হেড কোচ আশিকুজ্জামান মানবজমিনকে বলেন, ‘আমরা ১০ মিনিট করে দুই কোয়ার্টারের একটি অনুশীলন ম্যাচ খেলেছি। এটি মূলত নতুন কন্ডিশনের (পরিবেশ) সঙ্গে মানিয়ে নেয়ার একটি চেষ্টা ছিল। এখানে ম্যাচের ফলাফল কোনো বড় বিষয় নয়। খেলা গোলশূন্য ছিল। তবে দীর্ঘ ভ্রমণ এবং প্রচণ্ড গরমের মধ্যেও সব খেলোয়াড় ভালো খেলেছে এবং দলের গঠন (টিম স্ট্রাকচার) বেশ ভালো ছিল। দলে কোনো ইনজুরি বা চোট নেই এবং খেলোয়াড়রা সবাই খুব ইতিবাচক অবস্থানে আছে।’ নিজেদের প্রথম ম্যাচে আজ চাইনিজ তাইপের বিপক্ষে টার্ফে নামার আগে স্পষ্ট ফেভারিট বাংলাদেশ। হকির বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে তাইপের চেয়ে ১৯ ধাপ এগিয়ে। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৮তম আর চাইনিজ তাইপে ৪৭তম। মুখোমুখি শেষ তিন ম্যাচে তাইপের কাছে হারেনি বাংলাদেশ, তিনটিতেই জিতেছে। সবশেষ ভারতের রাজগীরে অনুষ্ঠিত এশিয়া কাপে তাইপেকে ৮-৩ গোল ব্যবধানে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। স্বাধীনতার পর ১৯৭৮ সালে প্রথমবার এশিয়ান গেমস হকি টুর্নামেন্টে খেলে বাংলাদেশ। এরপর ১৯৯০ সালের আসর ছাড়া প্রতিটি আসরে অংশ নিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। তবে দুই দশক ধরে বাছাইপর্ব পেরিয়ে মূলমঞ্চে খেলছে বাংলাদেশ। যদি বাংলাদেশ বাছাইপর্ব বাধায় আটকে যায়, সেটি হবে বড় ব্যর্থতা। তাই বাছাইপর্ব টপকানোর প্রাথািমক লক্ষ্য নিয়ে মিশনে নামছেন মিমো-রাব্বিরা। তাইপের ম্যাচে লক্ষ্য জানিয়ে বাংলাদেশের গোলরক্ষক ও সহ অধিনায়ক বিপ্লব কুজুর বলেন, ‘টুর্নামেন্টে শুরুটা ভালো হলে, বাকি পথে আত্মবিশ্বাস পাওয়া যায়। এখানে অনেক গরম। তবে আমরা অনুশীলন ম্যাচে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। আগামীকাল (আজ) তাইপেকে হারিয়ে মিশন শুরু করতে চাই।’ আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। দুই দিন বিরতি দিয়ে ৬ই এপ্রিল গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। ২০২২ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে রানার্সআপ হয় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশকে ৬-২ গোলে হারায় ওমান। এর আগে ২০১৮ সালে বাছাইপর্বে ওমানের কাছে ফাইনালে হারে বাংলাদেশ। সেবার বাংলাদেশকে ২-০ গোলে হারায় দলটি। তবে ২০১৪ সালে ঘরের মাঠে হওয়া একই টুর্নামেন্টে ওমানকে ৬-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন