শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস, সিলেটে আসছেন প্রধানমন্ত্রী

শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস, সিলেটে আসছেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

দেশের পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এরই মধ্যে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার পরিকল্পনা সাজানো হচ্ছে। ক্রীড়া ভাতা কার্ডও চালু হয়েছে। এবার আসছে নতুন কুঁড়ি স্পোর্টস নামে দেশজুড়ে ক্রীড়া কার্যক্রম। আর সেটির যাত্রা শুরু হবে পুণ্যভুমি সিলেট থেকে। এজন্য আগামী ৩০শে এপ্রিল সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর তিনি প্রথমেই সিলেট আসবেন। এজন্য তার সফরকে ঘিরে এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করা হয়েছে। বিএনপি সহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এর আগে দেশে ফেরার পর দু’বার সিলেট এসেছেন প্রধানমন্ত্রী। লন্ডন থেকে দেশে ফেরার দিন তিনি সিলেট হয়েই ঢাকা যান। এরপর নির্বাচনী প্রচারণা শুরু করতে ২১শে জানুয়ারি তিনি সিলেট সফর করেন। এবার আসছেন নতুন কুঁড়ির যাত্রা শুরু করতে। সিলেট বিএনপি নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী সিলেট সফরে এলে দুই ওলির মাজার জিয়ারত করবেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন থাকতে পারে। তবে এখনো তার আসার সিডিউল ঘোষণা করা হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর আগমনের পূর্বে সিলেটে প্রস্তুতি শুরু করতে বুধবার সিলেট সফর করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন করতে প্রধানমন্ত্রী এবার সিলেট সফর করবেন বলে জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন- সবকিছু ঠিক থাকলে ৩০শে এপ্রিল প্রধানমন্ত্রী স্বশরীরে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-এর উদ্বোধন করবেন। একই সময়ে সারাদেশে সব জেলায় একসঙ্গে এটির উদ্বোধন হবে। নতুন কুঁড়ি স্পোর্টসে ফুটবল, ক্রিকেটসহ ৭টি ইভেন্ট থাকবে বলে জানান তিনি। এদিকে সরকারের ক্রীড়া উন্নয়ন ভাবনার বিষয়টি তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন- আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা প্রদান শুরু হয়েছে। ৫০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন- উন্নয়নের নামে গত ফ্যাসিস্ট সরকার মেগা লুটপাট করেছে। সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ দশাই তার প্রমাণ। জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট নগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন