বিএনপি’র সাবেক প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিমের ভোট বর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে এ আসনের নির্বাচন। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মোট ২১০টি ভোটকেন্দ্রে বড় ধরনের কোনো সহিংস ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে অধ্যাপক রেজাউল করিম ভোট বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, অধিকাংশ ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর লোকজন তার ঘোড়া প্রতীকের নির্বাচনী এজেন্টদের বের করে দিয়েছে। এ ছাড়া তার কর্মী সমর্থকদেরকে ভোটকেন্দ্রে আসতে বাধাসহ হুমকি প্রদান করেছে। তাই তিনি এ নির্বাচন বর্জন করেছেন। তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি করেছেন এ নির্বাচন বাতিল করে আবার নতুন করে নির্বাচন দেয়ার। এদিকে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে চারজন হেভিওয়েট প্রার্থীসহ মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ মুহূর্তে বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান ও জামায়াতের প্রার্থী মাওলানা ইকবাল হোসেন ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সর্বশেষ এ দুই প্রার্থীর মধ্যেই জয় পরাজয় নির্ধারিত হবে বলে মনে করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কয়েকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ধানের শীষ এগিয়ে রয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন সম্পন্ন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
