হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মুক্তির পর থেকেই তিনি ‘চিত্রা’ চরিত্রের মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। সাবিলা নূর বলেন, এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। দর্শকরা ভীষণ খুশি। সাবিলা জানান, নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ করিম, শরিফুল রাজ থেকে শুরু থেকে সিনেমার প্রতিটি টিমের আন্তরিক সহযোগিতা পেয়েছেন বলেই নিজের সেরাটা দিয়ে কাজ করতে পেরেছেন। অভিনেত্রীর ভাষায়, চিত্রা আমার কাছে সব সময় বিশেষ হয়ে থাকবে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা সত্যিই অভিভূত করার মতো। এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। এদিকে, গত সোমবার সন্ধ্যায় সাবিলা তার কাছের মানুষদের নিয়ে একটি শো উপভোগ করেন। সেখানে তার অনুসারী সাবিলিয়ান থেকে মা, শাশুড়ি, স্বামী প্রত্যেকে উপভোগ করেন। এ নিয়ে তিনি বলেন, নেহাল আমার স্বামী এবং বেস্ট ফ্রেন্ড। আমার কাজ দেখে সে ক্রিটিসাইজ করতে পছন্দ করে। সেটা আমিও এনজয় করি। তবে আমার মনে হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’ দেখে সে অন্তত এবার পুরো সিনেমা এনজয় করেছে। সেইসঙ্গে আমার একেবারে কাছের মানুষরাও পছন্দ করেছেন।
‘চিত্রা সব সময় বিশেষ হয়ে থাকবে’
স্টাফ রিপোর্টার
২ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
